কালবৈশাখী ঝড়ে মৌলভীবাজারে ৮৫৫ ঘর ক্ষতিগ্রস্ত, ত্রাণ বরাদ্দ

মৌলভীবাজার প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২ মাস আগে

টানা দুই দিনের কালবৈশাখী ঝড়ে মৌলভীবাজার জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার সাত উপজেলায় ৮৫৫টি কাঁচা ও আধাপাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়। ঝড়ের তাণ্ডবে গাছ ও বাঁশঝাড় উপড়ে পড়ে বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থায়ও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত কয়েক দফা কালবৈশাখী ঝড় কমলগঞ্জ, রাজনগর, শ্রীমঙ্গল, কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও মৌলভীবাজার সদর উপজেলায় আঘাত হানে। এতে এসব এলাকার বহু কাঁচা ও আধাপাকা ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

৮৫৫ ঘর ক্ষতিগ্রস্ত, মাঠে চলছে তালিকা প্রণয়ন
প্রাথমিকভাবে জনপ্রতিনিধি ও উপজেলা প্রকল্প কর্মকর্তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। অনেক পরিবার ঘর হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছে বলে জানা গেছে।

জরুরি ত্রাণ বরাদ্দ
দুর্যোগ মোকাবিলায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সরকারিভাবে তাৎক্ষণিক ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের মধ্যে রয়েছে ১০০ টন চাল ও ৩ লাখ ৬০ হাজার টাকা নগদ সহায়তা। ত্রাণ সামগ্রী দ্রুত বিতরণের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া কালবেলাকে বলেন, কালবৈশাখী ঝড়ে প্রাথমিকভাবে ৮৫৫টি ক্ষতিগ্রস্ত ঘরের তালিকা করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১০০ টন চাল ও ৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।”

কালবৈশাখী ঝড়ে মৌলভীবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দ্রুত ত্রাণ সহায়তা শুরু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে। তবে স্থায়ী পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি নিরূপণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি