মঙ্গলবার দেশে আসছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর লাশ

সিলেট ডায়রি ডেক্স;
  • প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ | আপডেট: ১ ঘন্টা আগে

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী যুবকের মরদেহ আগামী মঙ্গলবার (৩০ জুন) দেশে পৌঁছাবে। স্থানীয় সময় সোমবার রাতে কাতার থেকে একটি বিশেষ ফ্লাইটে মরদেহগুলো বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছানোর কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর। তিনি জানান, বিমানবন্দরে নিহতদের মরদেহ গ্রহণের জন্য স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এ সময় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানও উপস্থিত থাকার কথা রয়েছে।

তিনি আরও জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে মঙ্গলবার যোহরের নামাজের পর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি মাদরাসা মাঠে পাঁচ প্রবাসীর সম্মিলিত জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।

উল্লেখ্য, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাদের মৃত্যুতে পরিবার-পরিজনসহ স্বজনদের আহাজারিতে পুরো উপজলে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

নিহতরা হলেন,ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি