বন্ধুর স্ক্রু ড্রাইভারের আঘাতে কিশোর নিহত

সিলেট ডায়রি ডেক্স;
  • প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ | আপডেট: ২ ঘন্টা আগে

সিলেটের কানাইঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে কথা-কাটাকাটির জেরে স্ক্রু ড্রাইভারের আঘাতে আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ জুন) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিহত আহাদ আহমদ (১৫) কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের পাশের একটি ভাড়া বাসায় নানার সঙ্গে থাকতেন। তার বাবার পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ভাষ্য, আহাদ ও সায়েম আহমদ পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে কানাইঘাট উপজেলা রোডে তাজুল ইসলামের মালিকানাধীন একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। সেখানে কর্মচারী হিসেবে কাজ করতেন আহাদ। এ সময় তার বন্ধু পৌরসভার রায়গড় গ্রামের এনাম ভান্ডারীর ছেলে সায়েম আহমদ (১৫) ওয়ার্কশপে আসেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, হাতাহাতির একপর্যায়ে সায়েম ওয়ার্কশপে থাকা একটি স্ক্রু ড্রাইভার দিয়ে আহাদকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, এ ঘটনায় সোমবার বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, ঘটনার আগে দুই বন্ধুর মধ্যে কথা-কাটাকাটির একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি তদন্তের অংশ হিসেবে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে পুলিশ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি