সব
ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সোমবার (২৭ এপ্রিল) কেন্দ্রের নিয়মিত বুলেটিনে জানানো হয়, আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী তিন দিনেও একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, এই বৃষ্টির ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।
আগামী বুধবার (২৯ এপ্রিল) সুরমা, কুশিয়ারা, খোয়াই, জুড়ি ও এর প্রধান উপনদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে এসব নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে বুলেটিনে আরও বলা হয়, সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি গত ২৪ ঘণ্টায় কিছুটা হ্রাস পেয়েছে। অন্যদিকে ভোগাই-কংস নদীর পানি বাড়লেও তা এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবোর সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান বলেন, “আমরা মূলত তিন দিনের সতর্কতা জারি করেছি। বুধবারের পর পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বৃষ্টিপাত কমলে অবস্থার উন্নতি হবে।”
এদিকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে নদী তীরবর্তী ও হাওরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি