সব
সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হন। এ সময় জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। আদালতের বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি মানবকন্ঠকে নিশ্চিত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ। তিনি বলেন, ‘২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে একটি সংঘর্ষের ঘটনায় মামলা হয় বদরুজ্জামান সেলিমের বিরুদ্ধে। আজ আদালতে জামিন চাইতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
এ দিকে, বদরুজ্জামান সেলিমকে ‘ষড়যন্ত্রমূলক গায়েবি মামলায়’ কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে পুরাতন স্টাইলে আবারও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি ও কারাগারে প্রেরণ করা হচ্ছে। যা গণতন্ত্রের জন্য মোটেও সুখকর নয়। সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ অভিলম্বে ‘মিথ্যা ও গায়েবি মামলায়’ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হয়রানি বন্ধের আহ্বান জানান।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি