রায়হান  হত্যা: এসআই আকবরের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন ও ৩ জনের ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ | আপডেট: ১ সপ্তাহ আগে

সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলায় প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বহিষ্কৃত ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই মামলায় আরও দুই
জনকে যাবজ্জীবন এবং তিন জনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী ১৫৭ পৃষ্ঠার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একমাত্র আসামি আশিক এলাহী আদালতে উপস্থিত ছিলেন। বাকি পাঁচ আসামি বর্তমানে পলাতক রয়েছেন।
রায়ের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন।
রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কনস্টেবল মো. হারুন অর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস এর মধ্যে হারুন ও টিটুকে এক লাখ টাকা করে জরিমানা করা হয় ও অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, পুলিশের এসআই মো. হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী ও সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনকে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রায়ের তথ্য অনুযায়ী জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট নগরীর পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে বর্বরোচিত নির্যাতন চালানো হয়। পরদিন ১১ অক্টোবর সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদনে তার শরীরে ৯৭টি আঘাতের চিহ্ন এবং হাত ও পায়ের নখ উপড়ে ফেলার প্রমাণ মেলে। পরে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত মোট ৬১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শুনানি শেষে আজ এই চূড়ান্ত রায় ঘোষণা করেন।
মামলার নথিসূত্রে জানাযায়, ২০২০ সালের ১০ অক্টোবর রাতের দিকে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে নির্মমভাবে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে নিহত রায়হানের মরদেহে ১১১টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। এর মধ্যে ৯৭টি ফোলা আঘাত ও ১৪টি গুরুতর আঘাতের চিহ্ন পান চিকিৎসকরা। এ ঘটনায় রায়হানের স্ত্রী পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করলে তদন্তে নির্যাতনের সত্যতা পাওয়া যায়। ঘটনার পরপরই এসআই আকবরসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তিনজনকে প্রত্যাহার করা হয়। পরবর্তীতে কনস্টেবল হারুনসহ তিনজনকে গ্রেপ্তার করে পিবিআই এবং ২০২০ সালের ৯ নভেম্বর কানাইঘাট সীমান্ত থেকে প্রধান অভিযুক্ত আকবরকে আটক করে। ২০২১ সালের ৫ মে আদালতে পিবিআই অভিযোগপত্র জমা দেয়, যেখানে ছয়জনকে আসামি করা হয়এসআই আকবর হোসেন ভুঁইয়া, এএসআই আশেক এলাহী, কনস্টেবল হারুনুর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস, এসআই হাসান উদ্দিন ও আবদুল আল নোমান। একই বছরের ৩০ সেপ্টেম্বর বিচার কার্যক্রম শুরু হয়।
আদালত সূত্র জানায়, হত্যা মামলার প্রধান আসামি বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়া ৪ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান এবং ১০ আগস্ট কারাগার থেকে মুক্তি পান। পরে তার জামিন স্থগিত হলেও তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ না করে পলাতক রয়েছেন। ২০২১ সালের ৫ মে আলোচিত এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পিবিআই। অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (৩২) প্রধান অভিযুক্ত করা হয়। অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহী (৪৩), কনস্টেবল মো. হারুন অর রশিদ (৩২), টিটু চন্দ্র দাস (৩৮), ফাঁড়ির ‘টু-আইসি’ পদে থাকা এসআই মো. হাসান উদ্দিন (৩২) ও এসআই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান (৩২)।
রায়হান হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রায়হানের মা। তবে রায় কার্যকর না হওয়া পর্যন্ত তিনি শান্তি পাবেন না বলে জানিয়েছেন। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেফতার করে রায় কার্যকরের দাবি জানান তিনি।
রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রায়হানের মায়ের চোখে ছিল কান্না। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, এই রায়ে আমি সন্তোষ প্রকাশ করছি। তবে রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমি শান্তি পাব না।
তিনি সিলেটের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে ধন্যবাদ জানান রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের, যারা এ ঘটনায় পাশে ছিলেন। একই সঙ্গে আদালতের প্রতি নিজের আস্থা ও শ্রদ্ধার কথাও তুলে ধরেন তিনি।
রায়হানের মা আরও বলেন, যারা পলাতক রয়েছে, তাদের গ্রেফতার করে রায় কার্যকর করতে হবে।
দুপুরে রায়ের আগে আদালতে হাজির হন নিহত রায়হান আহমদের মা সালমা বেগম। আসামিরা জামিন পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে রায় ঘোষণার আগে তিনি বলেন, দীর্ঘ ৬ বছর পর আজ রায় ঘোষিত হবে। কিন্তু এই রায় শুনে আমি কী করবো। আমার রায়হানকে যারা নির্যতন করে মারছে তারা তো পালিয়ে গেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার থাকতে একজনের জামিন হয়নি। কিন্তু ২০২৫ সালে এসে মামলার আর্গুমেন্ট শেষ হওয়ার পরও কীভাবে প্রথম তিনজন আসামিই জামিন পায়? জামিন পেয়ে কীভাব তারা পালিয়ে যায়? আজকে তো শুধু কাগজে কলমে রায় হবে। আসামিরা তো শাস্তি পাচ্ছে না। আসামিরা শাস্তি না পেলে তো আমার ৬ বছরের অপেক্ষা আর কষ্ট বিফলে গেলো।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন বলেন, রায়হান আহমদ হত্যা মামলায় আদালত ছয় আসামীর মধ্যে আকবর হোসেন ভূঁইয়াকে ফাঁসির আদেশ দিয়েছেন। অন্য পাঁচ আসামীর মধ্যে কনস্টেবল মো. হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও পুলিশের এসআই মো. হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী ও সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনকে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
রায়ের প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, রাষ্ট্রপক্ষ এ রায়ে প্রাথমিকভাবে সন্তুষ্ট। মামলা পর্যালোচনা করে প্রয়োজনে উচ্চ আদালতে আমরা যাবো।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি