ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য নগর গড়ে তুলতে হবে: উপচার্য তাজ উদ্দিন

সিলেট ডায়রি ডেক্স;
  • প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ | আপডেট: ১ মাস আগে

বিশ্ব বসতি দিবসের আইডিয়া প্রতিযোগিতায় লিডিং ইউনিভার্সিটির সাফল্য

‘সর্বজনীন বাসস্থান-টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বিশ্ব বসতি দিবসের আইডিয়া প্রতিযোগিতায় লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছেন। প্রতিযোগিতায় প্রথম এবং যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়টির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা।

গত ৬ অক্টোবর সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় লিডিং ইউনিভার্সিটি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের পঞ্চম বর্ষের শিক্ষার্থী মায়েশা আহমেদ ও চতুর্থ বর্ষের রুবাইদা হোসেন আনিকা। তাদের প্রজেক্টের নাম ‘অনুক্রম’। একই প্রতিযোগিতায় যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুকসাত রহমান তাহিয়া ও পঞ্চম বর্ষের আনিকা বাহার চৌধুরী। তাদের প্রজেক্টের নাম ‘মুল্লুক’।

এদিকে, আইডিয়া প্রতিযোগিতার পাশাপাশি ৫ অক্টোবর থেকে শুরু হওয়া মডেল প্রদর্শনীতেও লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। তারা নিজেদের মডেল প্রদর্শনের পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবেও দায়িত্ব পালন করেন। সময়, সৃজনশীলতা ও শ্রম দিয়ে তারা নিজেদের কাজ উপস্থাপনের পাশাপাশি উৎসাহ ও পেশাদারিত্বের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রতিনিধিত্ব করেন।

বিশ্ব বসতি দিবসের আইডিয়া প্রতিযোগিতা আয়োজন অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অতিথির পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

এ সময় তিনি সর্বজনীন আবাসন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য নগর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। নগর উন্নয়নে পরিকল্পিত আবাসন, টেকসই নগরায়ণ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন বিবেচনায় রেখে কাজ করার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। একই সঙ্গে আইডিয়া প্রতিযোগিতায় সাফল্য অর্জন করায় স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

লিডিং ইউনিভার্সিটির এ অর্জনের মাধ্যমে স্থাপত্য বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৃজনশীলতা, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্পৃক্ততার চর্চারও প্রতিফলন ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। শিক্ষার্থীদের এমন সাফল্য ভবিষ্যতে টেকসই ও বসবাসযোগ্য নগর পরিকল্পনায় তাদের সৃজনশীল ভূমিকার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি