সব
সিলেটের বালাগঞ্জ উপজেলায় দুর্গাপূজার মণ্ডপে ঢুকে বটি দিয়ে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরসহ কয়েকটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাঈদুজ্জামান শিমুল (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুদীপ পাল বলেন, শিমুল মণ্ডপে ঢুকে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের প্রতিমার বিভিন্ন অংশে বটি দিয়ে কোপ দেন। পরে খবর পেয়ে কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।
পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অমল দাস আপন বলেন, শনিবার রাতে নবীনগর এলাকার একটি অস্থায়ী পূজামণ্ডপে এক তরুণ বটি দা দিয়ে দুর্গা, কার্তিক, গণেশ ও অসুরের প্রতিমা ভাঙচুর করেন। স্থানীয়রা তাকে প্রতিরোধের চেষ্টা করলে তিনি দা উঁচিয়ে পালিয়ে যান। পরে পুলিশকে খবর দেওয়া হলে দ্রুত তাকে দাসহ আটক করা হয়। পুলিশের কাছে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে ইউএনও, ওসি, ইউপি চেয়ারম্যানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
অমল দাস আপন বলেন, পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা পাওয়া যাচ্ছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা বা ইন্ধন থাকলে তদন্তের মাধ্যমে তা বের করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার সিলেট ডায়রিকে বলেন, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরের প্রতিমাসহ কয়েকটি প্রতিমা ইচ্ছাকৃতভাবে ভাঙচুর করেছেন সাঈদুজ্জামান শিমুল। কোনো প্রতিমার পাঞ্জা আবার কোনো প্রতিমার হাত ভাঙা হয়েছে।
তিনি বলেন, অভিযুক্তের কাছে একটি দা ছিল। তবে ওই দা দিয়ে প্রতিমায় কোপ দেওয়া হয়নি; লোকজনকে ভয়ভীতি দেখানোর জন্য এটি ব্যবহার করা হয়েছে। দাটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার রাত ১২টা ৫ মিনিটে মামলা করা হয়েছে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
সনাতন সম্প্রদায়ের মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে ওসি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। তাদের নিরাপত্তায় পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি সবাইকে সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানান তিনি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি