শাহজালাল মাজারের দানবাক্সে আ.লীগ নেতার নামে চিঠি, যা লেখা

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ | আপডেট: ৪ সপ্তাহ আগে

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের একটি ডেগে পাওয়া গেছে রহস্যময় একটি চিরকুট। এতে ‘খোকন মামু’ নামে এক ব্যক্তির কথা উল্লেখ করে আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টানা হয়েছে। তবে চিরকুটে লেখকের নাম-ঠিকানা কিংবা ‘খোকন মামু’র পরিচয় উল্লেখ করা হয়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খোলার পর টাকা গণনার সময় চিরকুটটি পাওয়া যায়। চিরকুটে লেখা হয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থাকলে খোকন মামুর এই অবস্থা হতো না।’ এরপর আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতার নাম উল্লেখ করে তাদের ‘অন্তরের মায়ার মানুষ’ হিসেবে ‘খোকন মামু’র কথা লেখা হয়েছে। চিরকুটে একটি হৃদয়ের ছবিও আঁকা রয়েছে। সেখানে ‘ইউ’-এর সঙ্গে ‘মামুজি’ শব্দটি লেখা হয়েছে।

চিরকুটটি পাওয়ার পর বিষয়টি নিয়ে মাজারে আলোচনা শুরু হয়। তবে ‘খোকন মামু’ কে এবং চিরকুটটি কে লিখেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে একই দিনে মাজারের দানবাক্স ও ডেগ থেকে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা পাওয়া গেছে। এ ছাড়া ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ ও ১৫ ধরনের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।

শনিবার সকাল ৯টায় সিলগালা অবস্থায় থাকা দানবাক্স ও ডেগ খোলার পর দিনভর টাকা ও অন্যান্য সামগ্রী গণনা করা হয়। এতে প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী অংশ নেন। সন্ধ্যা ৬টার দিকে গণনার হিসাব প্রকাশ করা হয়।

মাজারে দান হিসেবে পাওয়া গরু-ছাগলের একটি অংশ লঙরখানায় রান্না করে খাওয়ানো হয়েছে। পাঁচটি গরু ও ৭০টি ছাগল জবেহ করে লঙরখানায় খাবার হিসেবে ব্যবহার করা হয়। ৪০টি ছাগল বিক্রি করে লঙরখানার স্টাফদের মজুরি দেওয়া হয়েছে। এ ছাড়া দরিদ্র পরিবারের দুই মেয়ের বিয়েতে একটি গরু ও একটি ছাগল দেওয়া হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এসব তথ্য জানান। এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি