সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮০

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: ৩ সপ্তাহ আগে

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৯ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮০ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে বিভাগে হাম ও সন্দেহজনক হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম।

মৃত দুই শিশু হলো, সিলেটের গোয়াইনঘাট উপজেলার বদরুল ইসলামের ১ বছর ৭ মাস বয়সী ছেলে আরাফাত ইয়াছিন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার সামির হুসোনের ৫ মাস ১৫ দিন বয়সী ছেলে মো. সাইফান। দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব-নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪২ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৩০৫ জন, হবিগঞ্জে ১৩৯ জন, মৌলভীবাজারে ১৪১ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের নিশ্চিত রোগীদের মধ্যে দুজন রুবেলা আক্রান্ত। এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১৯ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৮০ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ল্যাব-নিশ্চিত হাম রোগে মারা গেছেন ৪ জন। সব মিলিয়ে হাম ও সন্দেহজনক হাম রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, সন্দেহজনক হাম উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ১১৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাম ও সন্দেহজনক হামসহ ১৩১ শিশু এবং এক নার্সসহ একজন নারীর মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি