সব
কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ দীর্ঘদিন থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল একটি পাথরখেকো চক্র। নিয়মিত অভিযানের পরও থামছিল না তাদের দৌরাত্ম।
এমন বাস্তবাতায় রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে ফের অভিযানে নামে টাস্কফোর্স। এসময় উপজেলার ধলাই নদীর লীলাই বাজার, দয়ার বাজার ও নদীর তীরবর্তী এলাকা সমূহে অভিযান চালায় তারা। প্রায় তিন ঘন্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. এরশাদ মিয়া।
এসময় পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ এ অভিযানে ২১ টি শ্যালো মেশিন, ৩ হাজার ফুট পাইপ ও বালু-পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ হাতুড়ি দিয়ে ধ্বংস করে পুড়িয়ে দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরশাদ মিয়া জানান, অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেই আইন বিরোধী কাজ করবে তার বিরুদ্ধেও আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এছাড়া অভিযানে সহযোগিতা করেন ৪৮-বিজিবি ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ। বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন সুবেদার জাহাঙ্গীর আলম এবং কোম্পানীগঞ্জ থানা পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন উপ-পরিদর্শক অপু চন্দ্র দাস।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি