সব
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের কুমারগাঁও বিদ্যুত উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়েছে সিলেট। কখন বিদ্যুৎ আসবে তা সঠিকভাবে কেউই বলতে পারছেন না।
সোমবার (১৬ নভেম্বর) সকালে ১১ টা ২০ মিনিটের দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরো সিলেটেই বন্ধ আছে বিদ্যুৎ সরবরাহ।
স্থানীয়রা জানান, ১১টা ২০ মিনিটের দিকে তারা বিকট শব্দ শুনে এগিয়ে দেখেন বিদ্যুৎ কেন্দ্রে দাউদাউ করে আগুন জ্বলছে। যা দ্রুত ছাড়িয়ে পড়ে । স্থানীয়রা এবং বিদ্যুৎ অফিস থেকে ফোন পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের লোকজন এসে দ্রুত আগুন নিভানোর কাজে লেগে পড়েন।
সিলেট পিডিবির প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানান, ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার বিস্ফোরণেই এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। ভয়াবহ দুর্ঘটনায় বিদ্যুতের দুটি গ্রিড পুড়ে গেছে। এতে সিলেট বিভাগে বিদ্যুত বিপর্যস্ত হয়ে পড়ে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে আগুন লাগার কারণ সনাক্ত করা হবে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, হঠাৎ করেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল প্যানেল ও চারটি ট্রান্সফরমার জ্বলে গেছে। এর ফলে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপপরিচালক কোবাদ আলী সরকার সাংবাদিকদের বলেন, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার সংবাদ শুনে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুপুর সাড়ে ১২ টায় তিনি কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে আসেন। এসময় জালালাবাদ থানার এসি নির্মলেন্দু চক্রবর্তী, ওসি অকিল উদ্দিন, বিদ্যুৎকেন্দ্রের চীফ ইঞ্জিনিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি