পূজা উদযাপন কমিটির সাথে সিলেটে পুলিশের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০, ১০:৪২ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সিলেট মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সদর দপ্তর সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএমের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষের পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণমিশন ও আশ্রমের অধ্যক্ষ চন্দ্রনাথানন্দজী, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদীদ।

এছাড়া উপস্থিত ছিলেন, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি সুব্রত দেব, পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় পূজা কমিটির সদস্য রজতকান্তি ভট্রাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি প্রদীব কুমার দেব, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আলম, এনএসআই সিলেটের প্রতিনিধি, বিভিন্ন পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দসহ সিলেট মেট্টোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পূজা কার্যক্রম চলাকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান।

এছাড়া সকল পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা, পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/হ্যাজাক লাইট এর ব্যবস্থা রাখার বিষয়ে আলোচনা করা হয়। যে কোন ধরণের গুজবের বিষয়ে তাৎক্ষণিক পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার (০১৩২০-০৬৯৯৯৮/০৮২১৭১৬৯৬৮) বা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সহযোগিতা নেওয়ার জন্য সকলকে অবহিত করা হয়।

সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম বলেন, সকলের সার্বিক সহযোগিতা নিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে নিশ্ছিদ্র নিরাপত্তায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য সিলেট মহানগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি