উদ্যোক্তা সালমানের স্বপ্ন পূরণের গল্প

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২ মে ২০২৫, ১:১১ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

 মো. সালমান প্রমাণ করেছেন—ইচ্ছা, পরিশ্রম ও সততা থাকলে স্বপ্ন সফল করাই সম্ভব। মাত্র ২৩ বছর বয়সেই সফলভাবে পরিচালনা করছেন তিনটি ব্যবসা।

 

জীবনের কঠিন সংগ্রাম আর সীমিত পুঁজি নিয়েই শুরু করেছিলেন পথচলা। আজ সেই সালমানই সিলেটের একজন সফল তরুণ উদ্যোক্তা, যিনি মাত্র ২৩ বছর বয়সেই তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার। তিনি পরিচালনা করছেন The SALMAN’S Café, Mango Point, এবং হোমমেড বেকারি প্রোডাক্টস ডিস্ট্রিবিউশন—তিনটি স্বতন্ত্র ও সফল উদ্যোগ।

ছোটবেলা থেকেই ব্যবসার প্রতি প্রবল আগ্রহ ছিল সালমানের। অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকেই বিভিন্ন রেস্টুরেন্ট ও প্রতিষ্ঠানে কাজ করে তিনি সংগ্রহ করেন বাস্তব অভিজ্ঞতা। ২০২০ সালের শেষ দিকে, মাত্র ৩০০ টাকা পুঁজি আর এক বন্ধুর সহযোগিতায় যাত্রা শুরু করেন “The SALMAN’S Café” নামে একটি হোমমেড ফুড সার্ভিস দিয়ে। পাঁচ প্যাকেট বিরিয়ানির প্রথম অর্ডার থেকেই পান আশাজাগানিয়া সাড়া।

সালমানের ক্যাফের গল্প

এই রেস্টুরেন্টে পরিবেশন করা হয় বাংলা ঘরানার খাবার, যেমন—পিঠা, বিরিয়ানি, স্ন্যাক্স। প্রতিদিনের অর্ডারের পাশাপাশি বড় কোনো ইভেন্টের জন্য কাস্টম অর্ডার নেওয়া হয়। সালমানের ভাষায়, “সর্বোচ্চ আন্তরিকতা দিয়েই আমরা প্রতিটি খাবার প্রস্তুত করি।”

ফলের ব্যবসা

এই উদ্যোগের মাধ্যমে মৌসুমি, কার্বাইডমুক্ত এবং নিরাপদ আম ও লিচু সরবরাহ করা হয় সিলেটসহ সারা বাংলাদেশে। ভেজালবিরোধী নীতি ও মানসম্মত ডেলিভারির কারণে Mango Point দ্রুতই গ্রাহকদের আস্থা অর্জন করে।

হোমমেড বেকারি প্রোডাক্টস ডিস্ট্রিবিউশন

তৃতীয় উদ্যোগে সালমান নিজের বাসা থেকে তৈরি করেন বাটার বন, সিঙ্গারা, সমুচা ইত্যাদি খাবার—যা স্থানীয় দোকান ও রেস্টুরেন্টে সরবরাহ করা হয়। এতে করে স্থানীয় কিছু মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে।

সালমানের স্বপ্ন এখানেই থেমে নেই। তিনি চান, তার “The SALMAN’S Café” ও “Mango Point” একদিন আন্তর্জাতিকমানের বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হোক। তার মতে, “সংগ্রাম ছাড়া সাফল্য আসে না—কিন্তু একাগ্রতা, পরিকল্পনা আর পরিশ্রম থাকলে কোনো স্বপ্নই দূরবর্তী নয়।”

তরুণদের জন্য সালমানের এই বাস্তব গল্প একটি প্রেরণার উৎস, যেখানে প্রতিটি অধ্যায়ে লেখা রয়েছে সাহস, ইচ্ছাশক্তি আর সাফল্যের সন্ধান।


 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি