সব
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত ছাত্রলীগ নেতা এম সাইফুর রহমানের রুমে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত আড়াইটায় এমসি কলেজ ছাত্রাবাসে সাইফুরের কক্ষে অভিযান চালিয়ে একটি পাইপগান, ৪ টি রাম দা, ২টি চাপাতি, একটি ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে শাহপরান থানা পুলিশ। তবে গণধর্ষণের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
জানা গেছে, শুক্রবার রাত আড়াইটায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণের উপ কমিশনার সোহেল রেজার নির্দেশে শাহপরান থানার সহকারী কমিশনার ময়নুল আফসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষক সাইফুরের কক্ষে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করেন। সাইফুর এমসি কলেজ ছাত্রাবাসের হোস্টেল সুপারকে রুম থেকে বের করে দিয়ে নিজেই হোস্টেল সুপারের রুম দখল নেয়। এরপর সেখানে নিয়মিত মাদক ও জুয়ার আড্ডা বসানো শুরু করে সাইফুর। এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের কথিত ‘টর্চার সেল’ হিসেবে পরিচিত ছিলো সাইফুরের রুম। পান থেকে চুন খসলে সাইফুরের রুমেই সাধারণ ছাত্রদের ধরে এনে অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা নাজমুল ইসলামের অনুসারী চিহ্নিত বখাটে, ছিনতাইকারী, মাদকসেবি ও বেয়াদব এম সাইফুর রহমান, মাহফুজুর রহমান মাসুম, রবিউল হাসান, অর্জুন লস্কর, শাহ রনি, তারেক আহমদ ও তাদের সহযোগীরা দীর্ঘদিন থেকে নিজেদের ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে বিভিন্ন ধরণের অপকর্ম চালিয়ে আসছে। সন্ত্রাসী সাইফুরের নেতৃত্বেই এমসি ও সরকারি কলেজে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তারা। সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকারের ছত্রছায়ায় তারা এসব অপকর্ম চালিয়ে যাচ্ছিল। এমসি ও সরকারি কলেজের ছাত্র ছাত্রী, ঘুরতে আসা তরুণ তরুণী এমনকি শিক্ষকরাও তাদের নির্যাতন থেকে রেহাই পান না। ২০১৯ সালে এমসি কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠনের বসন্ত বরণ উৎসবে সাংবাদিকদের উপর নির্যাতন চালায় এই অভিযুক্তরা। একই বছর বন্দরবাজারের জেলা পরিষদ প্রাঙ্গণে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ এম ফারহান সাদিককে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় তারা। টিলাগড় এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজির সাথে প্রত্যক্ষভাবে সাইফুর বাহিনী জড়িত বলে জানান স্থানীয়রা।
এ ব্যাপারে শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, সাইফুরের কক্ষে অভিযান চালিয়ে পাইপগান, রামদাসহ বিভিন্ন ধরণের অস্ত্র উদ্ধার করা হয়েছে। ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে (২৫ সেপ্টেম্বর) এক তরুণী তার স্বামীকে নিয়ে সিলেটের এমসি কলেজের ঘুরতে আসেন। ঘুরার এক পর্যায়ে রাত ৮ টার দিকে তরুণীর স্বামী সিগারেট খাওয়ার জন্য এমসি কলেজের গেইটের বাইরে বের হন। এসময় কয়েকজন যুবক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যেতে চান। এতে তরুণীর স্বামী প্রতিবাদ করলে তাকে মারধোর শুরু করেন ছাত্রলীগের কর্মীরা। এক পর্যায়ে তরুণী ও তার স্বামীকে ছাত্রলীগের নেতাকর্মীরা এমসি কলেজের হোস্টেলে নিয়ে যান। সেখানে স্বামীকে বেঁধে ছাত্রলীগের তিন-চারজন নেতাকর্মী তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন।
এসময় তাদের সাথে থাকা ৯০ টি মডেলের একটি কারও ছিনিয়ে নিয়ে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে খবর পেয়ে পুলিশ এসে কারটি তাদের জিম্মায় নেয়। এবং তরুণীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে প্রেরণ করে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি