গলায় ফাঁস দিয়ে শাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

প্রতিনিধি,শাবিপ্রবি ;
  • প্রকাশিত: ১ অক্টোবর ২০২০, ৪:৪৮ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে আত্মহত্যার এ বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

ঐ শিক্ষার্থীর নাম আছিয়া আক্তার। সে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী। তার বাড়ি বগুড়া সদরের নামুজা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মথুরা গ্রামে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। তার বাড়িতে গিয়ে তার লাশ আমরা উদ্ধার করেছি। আমরা ময়নাতদন্ত করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তবে কি কারণে আত্মহত্যা করেছে এ বিষয়ে কিছু এখনো জানা যায় নি।

পারিবারিক সুত্রে জানা গেছে, ‘সকালে ফজরের নামাজের পর আছিয়ার মা ঘরের বারান্দাতে তার ঝুলন্ত লাশ পান। তার এলাকাতে এক ছেলের সাথে সম্পর্ক ছিল। এ নিয়ে পরিবারের সাথে দূরত্ব তৈরি হয় বলেও জানা যায়।’

এ বিষয়ে বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. আশ্রাফুল করিম বলেন, ক্লাস মনিটরের মাধ্যমে সকালে আত্মহত্যার বিষয়টি জানতে পারি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা পরিবারের সাথে যোগাযোগ করছি।

প্রসঙ্গত, চলতি বছরের ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী তোরাবি বিনতে হক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি