আমাকে বাঁচান প্রধানমন্ত্রী : ছাত্রলীগ নেতার আকুতি

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০, ৮:৪২ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

আমাকে হত্যার পরিকল্পনা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে বাঁচান। ফেসবুক লাইভে এসে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে এভাবেই আকুতি জানিয়েছেন সুনামগঞ্জের দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা জানে আলম।

ফেসবুক লাইভে তিনি বলেন, আমি জানে আলম দিরাই উপজেলা ছাত্রলীগের একজন কর্মী। সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জুতা পায়ে নিয়ে শ্রদ্ধা জানায় দিরাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা। এই ঘটনায় আমি প্রতিবাদ জানালে আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। আমার পরিবারকে হত্যার হুমকি দেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার অনুরোধ, আমাকে যারা হত্যার পরিকল্পনা করছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হউক। আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, জাতির জনককে ভালোবাসি। বঙ্গবন্ধুকে অপমান করলে আমাদের কষ্ট হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে বাঁচান। আমাকে নিরাপত্তা দেন। আমাকে যারা হত্যার পরিকল্পনা করছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হউক। আমাকে মোবাইলে ফোন করে হত্যার হুমকি দেয়া হচ্ছে। আমি বাসা থেকে বের হতে পারছি না। আমি বের হলেই তারা হত্যা করবে।

জানা গেছে, গত বুধবার ছিল যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দিরাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মুর‌্যালে ফুল দিতে যায় যুবলীগের নেতাকর্মীরা। তাদের নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ, শাহ জাহান সরদার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক কাশেম মিয়া, যুবলীগ নেতা কামনা শীষ রায়, সুয়েব চৌধুরী, ছাত্রলীগ নেতা সোহেল মিয়া। তবে ফুল দিতে গিয়ে বঙ্গবন্ধুর মুর‌্যালে জুতা নিয়ে উঠে যান তারা৷ এই ছবি ফেসবুকে ভাইরাল হয়৷ যুবলীগের নেতাকর্মীদের এমন কর্মকান্ডের সমালোচনা করেন দলীয় নেতাকর্মীরাও।

ছাত্রলীগ নেতা জানে আলম গণমাধ্যমকে বলেন, যুবলীগ নামধারী কিছু লোক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জুতা নিয়ে উঠেছিল। আমি এই ঘটনার প্রতিবাদ করায় তারা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। ছাত্রলীগ নেতা সুহেল মিয়া সহ তাদের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাকে হুমকি ধামকি দিচ্ছে। এছাড়াও ০১৫১৬৭৪২৮৩৭, ০১৭১৬৮৪৭৪৬৭, ০১৫২১৪৬১০৯২- এই তিন নম্বর থেকে কল করে আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমি আইনের আশ্রয় নেব।

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমরাফুল ইসলাম বলেন, এরকম কোন ঘটনা সম্পর্কে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি